ময়মনসিংহের নান্দাইলের প্রবাসী মো. মোস্তফা মিয়া (৩৫) জীবিকার তাগিদে সৌদি আরব গেলেও প্রতারণার শিকার হয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। দালালচক্রের খপ্পরে পড়ে ৬ লাখ টাকা দিয়ে প্রবাসের স্বপ্ন পূরণের চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু সৌদিতে গিয়ে কথামতো কাজ ও আকামা না পেয়ে পালিয়ে মানবেতর জীবনযাপন করতে থাকেন। না খেতে পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কয়েকজন প্রবাসী বাংলাদেশি তাকে উদ্ধার করে কিংস ফাহাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর গত বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তিনি মারা যান।
পরিবার জানায়, দেশে মরদেহ পাঠাতে প্রায় ৪ লাখ টাকা খরচ হবে বলে জানানো হয়েছে। ধারদেনা করে ইতোমধ্যে প্রায় ৯ লাখ টাকা খরচের পর আবারও এত বিপুল অর্থ জোগাড় করতে হবে শুনে তারা দিশাহারা হয়ে পড়েছেন। কবে মরদেহ দেশে আসবে, তাও অনিশ্চিত।
নিহতের বাড়ি নান্দাইল পৌরসভার চারআনিপাড়া মহল্লায়। তিনি মৃত আব্দুছ ছাত্তারের ছেলে। চলতি বছরের ৩ এপ্রিল সৌদি আরবে যান মোস্তফা। দালালের দেওয়া আশ্বাস অনুযায়ী কাজ না পেয়ে পরিচিতদের কাছে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু পুলিশের ভয়ে পালিয়ে থাকতে গিয়ে অভাব-অনাহারে অসুস্থ হয়ে পড়েন।
আরও
এর মধ্যে চিকিৎসা ও অন্যান্য খরচের অজুহাতে আরেক দালাল তার স্ত্রী নাছিমা বেগমের কাছ থেকে আরও আড়াই লাখ টাকা হাতিয়ে নেয়। শেষ পর্যন্ত চিকিৎসার যথাযথ ব্যবস্থা না থাকায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পরিবারের দাবি, এ ধরনের দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সরকারের সহায়তায় মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা জরুরি। একই সঙ্গে প্রতারকদের শাস্তি নিশ্চিত করে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।











