নীলফামারীর কিশোরগঞ্জে ভিসা প্রতারণার শিকার এক প্রবাসী যুবক সাড়ে আঠারো লাখ টাকা ফেরতের জন্য প্রতারকের বাড়িতে অনশন করেছেন। সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত বাহাগিলি ইউনিয়নের জসিম মিয়ার বাড়িতে এই অনশন চলে। ভুক্তভোগীর নাম মোঃ আসাদুজ্জামান (৪০) এবং প্রতারক জসিম মিয়া (২৮) দক্ষিণ বাহাগিলি ডাঙ্গা পাড়ার ছেলে।
আসাদুজ্জামান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের মাধ্যমে তিনি জসিম ও জাকিরের সঙ্গে পরিচিত হন। তারা নিজেকে কানাডা প্রবাসী বলে উপস্থাপন করে। ২০২৪ সালের মার্চে প্রথমে ২৫ হাজার ৯০০ টাকা পাঠানোর পর ভিডিও কলের মাধ্যমে ভিসা সংযুক্ত পাসপোর্ট, ছবি ও কাগজপত্র দেখিয়ে তার বিশ্বাস অর্জন করে। পরে তিনি বিভিন্ন বিকাশ অ্যাকাউন্টে মোট ১৮ লাখ ৫০ হাজার টাকা পাঠান।
টাকা পাঠানোর পর তাদের মোবাইল নম্বর বন্ধ হয়ে যায় এবং পরে খবর পাওয়া যায়, তারা প্রকৃতপক্ষে প্রতারক। টাকা ফেরত চাইলে স্থানীয় আত্মীয়-স্বজনদের মাধ্যমে হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ পরিস্থিতিতে আসাদুজ্জামান সরাসরি প্রতারকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন।
আরও
ঘটনাস্থলে খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ এসআই আলমগীর হোসেনকে পাঠিয়ে আসাদুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, থানায় মামলা হলে প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী অনশনকালে বলেন, তার একমাত্র উদ্দেশ্য হলো নিজের খোয়া টাকা ফেরত পাওয়া এবং এমন প্রতারণা যাতে অন্যের সঙ্গে না ঘটে তা নিশ্চিত করা। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।












