জনপ্রিয় ইউটিউবার সাদ উর রহমান, যিনি ‘ডাকি ভাই’ নামে পরিচিত, জাতীয় অপরাধ তদন্ত সংস্থা (এনসিসিআইএ) গ্রেফতার করেছে। রোববার (১৭ আগস্ট) ভোরে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছাড়ার চেষ্টা করার সময় তাকে আটক করা হয়।

গ্রেফতারের দিনই তাকে আদালতে তোলা হলে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানায়, অনলাইনে প্রতারণামূলক জুয়া ও বেটিং অ্যাপ প্রচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের অভিযোগে বলা হয়েছে, পাকিস্তান দণ্ডবিধির ইলেকট্রনিক জালিয়াতি, স্প্যামিং, স্পুফিং ও প্রতারণা সংক্রান্ত একাধিক ধারায় তাকে দায়ী করা হয়েছে। মামলাটি ১৩ জুনের এক তদন্তের সঙ্গে সম্পর্কিত। অভিযোগে বলা হয়েছে, কিছু ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সাধারণ মানুষকে আর্থিক সুবিধার জন্য বিভ্রান্ত করে জুয়া ও বাজির অ্যাপ প্রচার করছেন।
তদন্ত সংস্থা জানায়, ‘ডাকি ভাই’ তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এমন প্রচার চালিয়েছেন, যার কারণে অসংখ্য মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকলেও তিনি হাজির হননি। অবশেষে দেশত্যাগের সময় বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনার মাধ্যমে অনলাইনে প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে সতর্কবার্তা প্রদান করা হয়েছে, যাতে সাধারণ মানুষ এই ধরনের ফাঁদে না পড়ে।












