সর্বশেষ

বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে লাগবে তিন যোগ্যতা

Three qualifications are required to be nominated as a bnp candidateCity ads Investment (1)

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে—এমন সম্ভাবনার আলোকে নির্বাচনী প্রস্তুতি জোরদার করছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনার পর নির্বাচনকে কেন্দ্র করে কৌশলগত প্রস্তুতি শুরু করেছেন। বিএনপি এবার প্রার্থী বাছাইয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং ইতোমধ্যে একাধিক জরিপ সম্পন্ন করা হয়েছে, আরও জরিপ চলমান রয়েছে।

দলীয় সূত্র জানায়, এবার মনোনয়নের ক্ষেত্রে ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের কার্যক্রম ও গ্রহণযোগ্যতা খতিয়ে দেখা হচ্ছে। মূলত তিনটি মানদণ্ডকে প্রাধান্য দেওয়া হচ্ছে— গণতন্ত্র রক্ষায় ত্যাগ ও নিষ্ঠা, সততা ও সামাজিক গ্রহণযোগ্যতা এবং নির্বাচনি এলাকায় জনপ্রিয়তা। তরুণদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি নবীন-প্রবীণের ভারসাম্য রক্ষা করেও প্রার্থী তালিকা তৈরি করা হচ্ছে।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, এবারের মনোনয়ন প্রক্রিয়ায় থাকবে কিছু চমক। অনেক পরিচিত মুখ বাদ পড়তে পারেন, আবার এমন কিছু নতুন মুখ প্রার্থী হবেন যাদের নাম আগে আলোচনায় ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের একাধিক সদস্যও নির্বাচনে অংশ নিতে পারেন বলে জানা গেছে। মিত্র দলগুলোর জন্যও কিছু আসন ছাড়ার পরিকল্পনা রয়েছে।

দলের গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় স্থায়ী কমিটি হবে পার্লামেন্টারি বোর্ড এবং তারাই প্রার্থী চূড়ান্ত করবে। ২০১৮ সালের নির্বাচনের মতো এবার একাধিক প্রার্থীকে মনোনয়নপত্র দেওয়া হবে না; বরং প্রতিটি আসনে একক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বিএনপির নেতারা বলছেন, আগেই তৈরি করা নেতাদের পারফরম্যান্স রিপোর্ট ও মাঠপর্যায়ের জরিপের ফল মিলিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। যেসব প্রার্থীর বিরুদ্ধে অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে অথবা জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই, তারা মনোনয়ন পাবেন না। দলের প্রতি ত্যাগী, সৎ এবং জনপ্রিয় প্রার্থীদেরই প্রাধান্য দেওয়া হবে।

মিত্রদের ক্ষেত্রেও জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থান বিবেচনায় রেখে আসন ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হবে। ইতোমধ্যে মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহের কাজ চলছে। ঢাকার কিছু আসনসহ দেশের বিভিন্ন এলাকায় মিত্রদের পক্ষ থেকে প্রার্থী দেওয়ার প্রস্তুতির ইঙ্গিতও মিলেছে। সবকিছু চূড়ান্ত হবে তফশিল ঘোষণার পর। দলীয় মনোনয়ন জমা দেওয়ার শেষ মুহূর্তে আসতে পারে একাধিক চমক।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup