ওমানের রয়্যাল পুলিশ (ROP) এক বিবৃতিতে জানিয়েছে যে, শিনাসে একটি সফল অভিযানে আন্তর্জাতিক মাদক চোরাচালান প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে। অভিযানে প্রায় ৫০ কেজি ক্রিস্টাল মেথ অ্যামফেটামিন (মেথ) জব্দ করা হয়েছে।

উত্তর আল বাতিনাহ গভর্নরেটের মাদকদ্রব্য ও মনঃপ্রভাবকারী পদার্থ নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাধারণ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় একটি উচ্চপর্যায়ের নজরদারির মাধ্যমে এই অভিযান পরিচালনা করে। এ সময় দুইজন বাংলাদেশি নাগরিককে হাতেনাতে আটক করা হয়।
তদন্তে জানা যায়, অভিযুক্তরা একটি আন্তর্জাতিক অপরাধ চক্রের সঙ্গে যুক্ত ছিল এবং সমুদ্রপথে মাদক এনে শিনাস প্রদেশের একটি সৈকতে তা লুকিয়ে রেখেছিল। তাদের উদ্দেশ্য ছিল এসব বিপজ্জনক মাদক দ্রব্য অভ্যন্তরীণভাবে সরবরাহ করা।
পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বর্তমানে আইনি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং অপরাধের ধরন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।










