সর্বশেষ

নির্দিষ্ট ৩ বিমানবন্দর ছাড়া যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে না বাংলাদেশিরা

Bangladeshis will not be able to enter the US except at 3 specific airportsProbashir city Popup 19 03

যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন করে বাড়তি শর্ত আরোপ করা হয়েছে। ভিসা বন্ড সংক্রান্ত হালনাগাদ তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর ফলে যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের ভিসা পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ফেরতযোগ্য ‘ভিসা বন্ড’ বা জামানত জমা দেওয়ার বাধ্যবাধকতা আসতে পারে। একই সঙ্গে নির্দিষ্ট তিনটি বিমানবন্দর ছাড়া অন্য কোনো পথ দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগও সীমিত করা হয়েছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ৬ জানুয়ারি ভিসা বন্ডের আওতাভুক্ত দেশগুলোর তালিকা হালনাগাদ করে, যেখানে নতুন করে বাংলাদেশের নাম যুক্ত হয়। বর্তমানে বাংলাদেশসহ মোট ৩৮টি দেশ এই তালিকায় রয়েছে। হালনাগাদ নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়ম আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে। নিয়ম অনুসারে, ভিসার জন্য যোগ্য বিবেচিত হলেও কনস্যুলার কর্মকর্তা আবেদনকারীর পরিস্থিতি, ভ্রমণের উদ্দেশ্য ও সাক্ষাৎকারের মূল্যায়নের ভিত্তিতে ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড আরোপ করতে পারবেন।

স্টেট ডিপার্টমেন্ট জানায়, ভিসা বন্ডের অর্থ যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্ম ‘Pay.gov’-এর মাধ্যমে জমা দিতে হবে। তবে কনস্যুলার অফিসারের লিখিত নির্দেশনা ছাড়া কোনো আবেদনকারীকে আগেভাগে অর্থ জমা না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। এই বন্ড স্থায়ীভাবে কেটে রাখা হবে না; বরং নির্দিষ্ট শর্ত পূরণ হলে তা ফেরতযোগ্য থাকবে।

নতুন নিয়মে ভিসা বন্ড প্রদানকারী বাংলাদেশি যাত্রীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য তিনটি বিমানবন্দর নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নিউইয়র্কের জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এসব নির্ধারিত বিমানবন্দরের বাইরে অন্য কোনো পথে প্রবেশ বা প্রস্থান করলে বন্ডের শর্ত ভঙ্গ হয়েছে বলে গণ্য হতে পারে, যা অর্থ ফেরতের ক্ষেত্রে জটিলতা তৈরি করবে।

মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এই পাইলট কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে থেকে যাওয়ার প্রবণতা কমানো। যেসব দেশের নাগরিকদের ক্ষেত্রে ওভারস্টে করার হার তুলনামূলক বেশি, সেসব দেশকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্লেষকদের মতে, নতুন এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া আরও ব্যয়বহুল ও জটিল হয়ে উঠতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03