লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাকে বেঁধে তার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল বাসার লিমন (২৪)–এর বিরুদ্ধে। গত ২৫ ডিসেম্বর গভীর রাতে ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। ঘটনার পরদিন ভুক্তভোগীর বাবা রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহার অনুসারে, চুরি করার উদ্দেশ্যে লিমন ও তার সহযোগীরা ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করেন। তারা প্রথমে ভুক্তভোগীর মায়ের হাত, পা ও মুখ বেঁধে ফেলে। এরপর সুযোগ পেয়ে প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করা হয়। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যায়।
অভিযুক্ত মনিরুল বাসার লিমন স্থানীয়ভাবে ছাত্রলীগের ইছাপুর ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে পরিচিত। তিনি নয়নপুর গ্রামের মৃত সেলিম হোসেনের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।
আরও
রামগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন চৌধুরী জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত মামলা গ্রহণ করেছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষাও সম্পন্ন হয়েছে। তবে প্রধান আসামি লিমন ঘটনার পর থেকেই পলাতক রয়েছে; তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, ঘটনাটি গুরুতর ও সংবেদনশীল হওয়ায় মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। এলাকার লোকজনও দ্রুত আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।











