২০২৬ সালের হজের জন্য নিবন্ধন প্রক্রিয়ায় বড় ধরনের সুবিধা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। নতুন নির্দেশনায় বলা হয়েছে, হজে যেতে ইচ্ছুকরা এবার মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ব্যবহার করেও নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। মঙ্গলবার জারি করা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, হজযাত্রীদের সুবিধা বিবেচনায় পাসপোর্টের মেয়াদ সংক্রান্ত শর্ত শিথিল করা হয়েছে। যার ফলে মেয়াদ শেষ হয়ে যাওয়া পাসপোর্টও নিবন্ধনের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। এ সিদ্ধান্ত হজ প্রস্তুতি সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্ত্রণালয় মনে করছে।
তবে মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, নিবন্ধনের সময় মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট গ্রহণ করা হলেও ভিসা ইস্যুর আগে অবশ্যই পাসপোর্ট নবায়ন করে সিস্টেমে হালনাগাদ করতে হবে। নবায়ন নিশ্চিত না হলে কোনো অবস্থাতেই হজের ভিসা দেওয়া হবে না।
আরও
সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ২০২৬ সালের হজযাত্রী নিবন্ধন কার্যক্রম আগামী ১২ অক্টোবর শেষ হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হজযাত্রী ও সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।










