আগামী মৌসুমে হজে যাওয়া বাংলাদেশি যাত্রীদের বিমান টিকিটের ওপর আরোপিত আবগারি শুল্ক থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে হজযাত্রীদের যাতায়াত ব্যয় কিছুটা কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। গত মৌসুমেও একই ধরনের শুল্ক ছাড় কার্যকর ছিল।
সম্প্রতি জারি করা প্রজ্ঞাপনে এনবিআর জানায়, হজের সার্বিক ব্যয় কমানোর সরকারি উদ্যোগকে সহায়তা এবং ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র হজ পালনের সুবিধা নিশ্চিত করতে আবগারি শুল্ক অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের সামাজিক ও ধর্মীয় দায়িত্ববোধের অংশ হিসেবেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
এনবিআরের ভাষ্য অনুযায়ী, শুল্ক অব্যাহতি কার্যকর হলে প্রত্যেক হজযাত্রীর বিমান টিকিটে যাওয়া–আসার মোট খরচ প্রায় পাঁচ হাজার টাকা পর্যন্ত কমে আসবে। ফলে সামগ্রিক হজ ব্যয়ের চাপ কিছুটা লাঘব হবে এবং অধিক সংখ্যক মুসল্লি স্বাচ্ছন্দ্যে হজ পালন করতে পারবেন বলে আশা করছে কর্তৃপক্ষ।
আরও
হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, হজযাত্রীদের ব্যয় নিয়ন্ত্রণ ও সেবার মান উন্নত করতে সরকার একাধিক আর্থিক ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় বিমান ভাড়ায় শুল্ক ছাড় দেওয়া আগামি মৌসুমের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
মুসল্লিদের উদ্দেশে এনবিআর ও ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজসংক্রান্ত যেকোনো সরকারি নির্দেশনা নিয়মিতভাবে অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে এবং হজযাত্রার সার্বিক প্রস্তুতিতে স্বচ্ছতা ও সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে।











