ঝিনাইদহের সদর উপজেলার বেতাই গ্রামে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে বাড়ির ভেতর এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত সোহেল রানা ও তাঁর ছোট ভাই সাব্বির আহম্মেদ জুয়েলের মধ্যে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রবাসে থাকা অবস্থায় জুয়েল নিয়মিত বড় ভাই সোহেল রানার কাছে টাকা পাঠাতেন। দুই মাস আগে দেশে ফিরেই তিনি ওই টাকার হিসাব চান। তখন থেকেই দুই ভাইয়ের মধ্যে উত্তেজনা বাড়ে এবং তারা আলাদা হয়ে বসবাস শুরু করেন। ঘটনার দিন রান্নার জ্বালানি ব্যবহারে তুচ্ছ বিষয় নিয়ে আবারও তর্ক বাধে দুই ভাইয়ের মধ্যে।
আরও
বাগ্বিতণ্ডার এক পর্যায়ে জুয়েল বড় ভাইয়ের ওপর বটি দিয়ে হামলা চালান। গুরুতর আহত সোহেল রানা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরিবার ও স্থানীয়রা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তাঁর মৃত্যু হয়।


ঘটনার পর থেকে অভিযুক্ত জুয়েল পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে এবং এ ঘটনায় অভিযোগ দায়ের হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গ্রামের শান্ত পরিবেশে ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।












