সর্বশেষ

বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

New 500 taka note coming to marketProbashir city Popup 19 03

বাংলাদেশ ব্যাংক উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য ও নতুন নকশা সম্বলিত ৫০০ টাকার নোট বাজারে ছেড়ে দিচ্ছে। ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত এই নতুন নোট বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর থেকে প্রচলনে আসবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রাথমিকভাবে নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে বিতরণ করা হবে, পরবর্তী সময় পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও পাওয়া যাবে।

নতুন নোটের আকার ১৫২ মিমি লম্বা ও ৬৫ মিমি চওড়া। সামগ্রিক নকশায় সবুজ রঙের উপস্থিতিই প্রধান। সম্মুখভাগে বাম পাশে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি, মাঝখানে পাতা–কলিসহ প্রস্ফুটিত শাপলার ব্যাকগ্রাউন্ড এবং ডানদিকে রঙ পরিবর্তনশীল ‘৫০০’ অঙ্ক মুদ্রিত রয়েছে। পেছনভাগে রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি, রয়েল বেঙ্গল টাইগারের মুখের জলছাপ, ইলেকট্রোটাইপ জলছাপে ‘৫০০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।

নোটটিতে জালিয়াতি প্রতিরোধে যুক্ত করা হয়েছে বেশ কয়েকটি উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য। এর মধ্যে রয়েছে রঙ পরিবর্তনশীল নিরাপত্তা কালি—যেখানে নোট নড়াচড়া করলে ‘৫০০’ সবুজ থেকে নীল রঙে রূপান্তরিত হয়। এছাড়া যুক্ত করা হয়েছে লাল–স্বর্ণালী বারের সমন্বিত নিরাপত্তা সুতা, যা আলোয় ধরলে ‘৫০০ টাকা’ লেখা স্পষ্ট দেখা যায়। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটে স্পর্শে অনুভূত পাঁচটি ছোট বৃত্ত এবং ইন্টাগ্লিও কালিতে মুদ্রিত উঁচু অংশও অন্তর্ভুক্ত হয়েছে।

এ ছাড়া মাইক্রোপ্রিন্টে বারবার ‘BANGLADESH BANK’ লেখা, শাপলার অংশে UV fluorescence (Magenta) ইঙ্ক, See-through image–এ স্পষ্ট ‘৫০০’, নোটের কাগজে লাল–নীল–সবুজ তন্তু এবং উভয় পৃষ্ঠে UV curing varnish ব্যবহারের ফলে নোটে বিশেষ উজ্জ্বলতা যুক্ত হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোট চালুর পরও বর্তমানে প্রচলিত সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যসমৃদ্ধ এই নোট বাজারে জালনোট প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03