সর্বশেষ

তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

Tarique Rahman's 61st birthday is todayCity ads Investment (1)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ বৃহস্পতিবার। ১৯৬৫ সালের এদিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে হিসেবে জন্ম নেওয়া তারেক রহমান ইতোমধ্যে রাজনৈতিক দূরদর্শিতা, সংগঠন পরিচালনায় দক্ষতা ও প্রজ্ঞার মাধ্যমে দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

গত বছরের জুলাই–আগস্টে তারেক রহমানের দিকনির্দেশনায় দলীয় নেতাকর্মীরা ব্যাপক গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। আন্দোলনের চাপে ৫ আগস্ট সে সময়ের প্রধানমন্ত্রী ভারত পালিয়ে গেলে দেশে দেড় দশকেরও বেশি সময় পর স্বৈরাচারী সরকারের পতন ঘটে। ১/১১-এর সরকারসহ পরবর্তী সময়ে দমন-পীড়নের কারণে তারেক রহমান লন্ডনে অবস্থান করলেও দেশ ও দলের সংকটময় মুহূর্তে ধারাবাহিকভাবে বক্তব্য, নির্দেশনা ও সিদ্ধান্তের মাধ্যমে নজর কাড়েন।

৫ আগস্টের পর দেশ যখন আইন-শৃঙ্খলাহীন পরিস্থিতিতে রাজনৈতিক শূন্যতায় পড়েছিল, তখন পাড়া-মহল্লায় পাহারা, পূজামণ্ডপে নিরাপত্তা, বন্যা এলাকা পরিদর্শন ও ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন তিনি। দলের নেতা-কর্মীরাও সেই নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করে পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভূমিকা রাখেন।

তার জন্মদিন উপলক্ষে এবারও কোনো আনুষ্ঠানিকতা না রাখার নির্দেশ দিয়েছেন তিনি। গত বছরের মতো এবারও কেক কাটা, র‍্যালি বা পোস্টার লাগানোসহ সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দেশজুড়ে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

২০০৮ সালের পর থেকে প্রবাসে থাকলেও তারেক রহমান সংগঠন পরিচালনায় অবিচ্ছিন্নভাবে যুক্ত রয়েছেন। প্রতিদিন প্রায় ১৮ ঘণ্টা ভার্চুয়ালি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ রেখে তিনি দলের সাংগঠনিক সক্ষমতা বাড়িয়েছেন। তার নেতৃত্বে বিএনপির তৃণমূল আবারও সক্রিয় হয়ে উঠেছে এবং সমাবেশে জনস্রোত বিএনপির জনপ্রিয়তার প্রমাণ দিয়েছে।

শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন, আন্তর্জাতিক সম্পর্ক ও রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন তিনি। ১৯৯০–এর দশকে সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে ২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোটের সফলতা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরে ২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ২০০৯ ও ২০১৬ সালের জাতীয় কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। খালেদা জিয়ার কারাবরণের পর থেকে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার ব্যক্তিগত জীবনে তিনি ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি ডা. জুবাইদা রহমানকে বিয়ে করেন। তাঁদের একমাত্র কন্যা ব্যারিস্টার জায়মা রহমান লন্ডনে বার অ্যাট ল সম্পন্ন করেছেন।

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবন্দিত্ব, নির্যাতন ও দেশ ছাড়তে বাধ্য হওয়া সত্ত্বেও তারেক রহমান এখনো দলের কেন্দ্রীয় নেতৃত্ব ও জনপ্রিয়তার কেন্দ্রে—এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup