হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাসপোর্ট ছয় ধাপ পিছিয়েছে। বর্তমানে উত্তর কোরিয়ার সাথে যৌথভাবে ১০০তম অবস্থানে থাকা বাংলাদেশী পাসপোর্টধারীরা ৩৮টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। চলতি বছরের শুরুতে বাংলাদেশের পাসপোর্ট ৯৪তম অবস্থানে ছিল।
তবে, এবারের র্যাঙ্কিংয়ে অবনমন হলেও গত কয়েক বছরের তুলনায় পাসপোর্টের অবস্থানের সামগ্রিক উন্নতি হয়েছে। ২০২১ সালে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ইতিহাসের সর্বনিম্ন ১০৮তম। এরপর ২০২২ সালে এটি ১০৩তম এবং ২০২৩ সালে ১০১তম স্থানে উঠে আসে।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট এখনো নেপাল (১০১), পাকিস্তান (১০৩), সিরিয়া (১০৫) এবং আফগানিস্তানের (১০৬) মতো দেশগুলোর চেয়ে শক্তিশালী। বাংলাদেশী পাসপোর্টধারীরা ভুটান, মালদ্বীপ, সেশেলস, শ্রীলঙ্কা, কেনিয়াসহ বিভিন্ন দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা পান।
আরও
এবারের র্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষস্থান দখল করেছে এশিয়ার দেশগুলো। ১৯৩টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার নিয়ে সিঙ্গাপুরের পাসপোর্ট তালিকার শীর্ষে রয়েছে। এরপরই আছে দক্ষিণ কোরিয়া ও জাপান। অন্যদিকে, একসময়ের শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ইতিহাসে সর্বনিম্ন ১২তম স্থানে নেমে এসেছে।











