রাজধানীতে কুরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) গভীর রাতে ভাটারা এলাকার একটি আবাসিক ভবন থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত শিক্ষার্থীর নাম অপূর্ব পাল, যিনি বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমিস্টারের ছাত্র। তার অধ্যয়নরত বিভাগ এখনও জানা যায়নি।
ঘটনার সূত্রপাত ঘটে শনিবার দুপুরে, যখন অপূর্ব পালের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কুরআন অবমাননাকর একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে গেলে জনমনে ক্ষোভ ও বিক্ষোভ সৃষ্টি হয়। অনেকেই তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় এলাকায়। একদল শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত শিক্ষার্থীর বাসার নিচে বিক্ষোভে অংশ নেন ও তার শাস্তি দাবিতে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভাটারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
আরও
ভাটারা থানার ওসি রাকিবুল হাসান জানান, জনতার হামলায় আহত অবস্থায় অভিযুক্ত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আরও বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীর ফেসবুক পোস্টের বিষয়বস্তু, উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে সামাজিক মাধ্যমে গুজব বা উসকানিমূলক পোস্ট না দেওয়ার জন্য জনসাধারণকে সতর্ক করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।











