অনিয়মের অভিযোগে সাময়িক ছুটিতে থাকা হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আক্তারুজ্জামান অবশেষে পদত্যাগ করেছেন। তিনি জেলা জজ থাকাকালে বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাদণ্ড দিয়েছিলেন।
রোববার (৩১ আগস্ট) রাষ্ট্রপতির উদ্দেশে লেখা পদত্যাগপত্র প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে জমা দেন তিনি। পরে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সেটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। এর আগে বিচারপতি আক্তারুজ্জামানের বিরুদ্ধে আনা অনিয়মের অভিযোগ নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গত ২৬ আগস্ট চূড়ান্ত শুনানি সম্পন্ন করে।
উল্লেখ্য, গত বছরের ১৬ অক্টোবর দুর্নীতি ও সরকারের পক্ষে কাজ করার অভিযোগে হাইকোর্টের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়। তাদের বিচারকাজের দায়িত্বও বন্ধ রাখা হয়। ওই তালিকায় বিচারপতি মো. আক্তারুজ্জামানসহ আরও ১১ জন বিচারপতি ছিলেন।
আরও
পরবর্তীতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এই অভিযোগগুলো তদন্ত শুরু করে। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর বিচারপতি অপসারণসংক্রান্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরায় সক্রিয় হয় এবং সংশ্লিষ্ট বিচারপতিদের বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
বর্তমানে তিন সদস্যের এই কাউন্সিলের নেতৃত্বে আছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। অপর দুই সদস্য হলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও জুবায়ের রহমান চৌধুরী। তাদের তত্ত্বাবধানেই বিচারপতিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের কার্যক্রম পরিচালিত হচ্ছে।










