মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান–সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার দেশটির তায়েফ ও ইয়ানবু শহর লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে আকাশেই এসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, তায়েফ ও ইয়ানবু শহর লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি জোট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, ‘সন্ত্রাসী হুথি গোষ্ঠীর এই উসকানিমূলক কর্মকাণ্ড ও যেকোনো লঙ্ঘন কঠোর হস্তে দমন করা হবে।’ তবে আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংসের ঘটনায় মাটিতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
হুথিদের এই ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা আগেই ইসলাম ধর্মের পবিত্রতম স্থান মক্কা নগরীসহ সৌদির একাধিক অঞ্চলে সম্ভাব্য বিপদের আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। বৃহস্পতিবার দেশটির জাতীয় আগাম সতর্কীকরণ ব্যবস্থা ‘ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম’-এর মাধ্যমে এই সতর্কতা জারি করা হলেও কয়েক মিনিটের মধ্যেই তা তুলে নেওয়া হয়। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বলছে, হুথিরা হামলা চালানোর ঠিক আগমুহূর্তেই সাধারণত সৌদিতে এই সতর্কসংকেত সচল হয়ে ওঠে।
আরও
গত সপ্তাহেই রিয়াদ অভিযোগ করেছিল, ২০১৭ সালের পর প্রথমবারের মতো পবিত্র মক্কা নগরী লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে হুথিরা, যা আকাশেই ভূপাতিত করা হয়। যদিও মক্কায় হামলার ওই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছিল ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠী। এর কয়েক দিনের মাথায় খোদ রাজধানী রিয়াদে বড় ধরনের হামলা চালায় তারা, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।
সূত্র: এএফপি।









