সৌদি আরবের রাজধানী রিয়াদে মো. মতিউর রহমান (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবককে হত্যার অভিযোগ উঠেছে। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টার দিকে রিয়াদের হারা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আবদুস সালামের ছেলে। ধারণা করা হচ্ছে, বাসস্থানে তুচ্ছ ঘটনার জের ধরে নিজ কক্ষের অন্য আবাসিকদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন তিনি।
পারিবারিক ও স্থানীয় প্রবাসী সূত্রে জানা গেছে, রিয়াদের হারা এলাকার একটি বাসায় মতিউর রহমান আরও তিন প্রবাসী বাংলাদেশির সঙ্গে বসবাস করতেন। কয়েক দিন আগে ঘুমানোর জায়গা ও রান্না করাকে কেন্দ্র করে রুমমেটদের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। সোমবার রাতে কাজ শেষে সবাই বাসায় ফেরার পর পুরনো সেই বিরোধ নিয়ে তাঁদের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। পরিবারের অভিযোগ, কথা কাটাকাটির একপর্যায়ে এক রুমমেট রান্নাঘরে থাকা ছুরি দিয়ে মতিউরকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্ত ওই তিন রুমমেট বাসা থেকে পালিয়ে যান বলে জানা গেছে।
নিহত মতিউরের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম খোকন জানান, মতিউর অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। রুমমেটদের সঙ্গে বিরোধের বিষয়টি তিনি আগেই দেশের বাড়িতে পরিবারের সদস্যদের জানিয়েছিলেন। সোমবার থেকে হঠাৎ মতিউরের সঙ্গে আর ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে ওই একই বাসায় বসবাসকারী গ্রামের এক পরিচিত ব্যক্তির মাধ্যমে তাঁরা এই হত্যাকাণ্ডের খবর জানতে পারেন। বর্তমানে নিহতের মরদেহ রিয়াদের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের খবর পেয়ে নিহতের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।








