সর্বশেষ

সৌদিতে মিসাইল আতঙ্ক, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

Image 328854Web Popup (3)

সৌদি আরবের জেদ্দায় ইয়েমেন থেকে ধেয়ে আসা মিসাইল হামলায় আতঙ্কিত হয়ে ছাদ থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম সৌরভ ইসলাম (২৫)। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে জেদ্দায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর গ্রামের আমির ইসলামের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, প্রাণ বাঁচাতে দ্রুত সিঁড়ি দিয়ে নামার সময় পায়ে দড়ি পেঁচিয়ে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

স্বজনরা জানিয়েছেন, সৌরভ গত পাঁচ বছর ধরে জেদ্দার আলসাইম কোম্পানির অধীনে একটি ব্যাংকে কর্মরত ছিলেন। এক বছর আগে ছুটি কাটিয়ে তিনি পুনরায় সৌদি আরবে নিজ কর্মস্থলে ফিরে যান। মঙ্গলবার ভোরে তিনি জেদ্দায় নিজের বাসভবনের ছাদে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল জেদ্দার দিকে আসার খবর এবং মোবাইলে অ্যালার্ম শুনে তিনি চরম আতঙ্কিত হয়ে পড়েন। তড়িঘড়ি করে নিচে নামতে গেলেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি। পরে তার সঙ্গীরা রক্তাক্ত অবস্থায় সৌরভকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। জেদ্দার স্থানীয় পুলিশ মরদেহটি উদ্ধার করেছে এবং বর্তমানে এ সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে মঙ্গলবার বিকেলে সহকর্মীদের মাধ্যমে সৌরভের মৃত্যুর খবর গ্রামের বাড়ি পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। একমাত্র ছেলেকে হারিয়ে মা রেনু বেগম ও বাবা আমির ইসলাম কান্নায় ভেঙে পড়েছেন। ছেলের শোকে মুহ্যমান মা রেনু বেগম বলেন, ‘সৌরভ আমার একমাত্র ছেলে। বারবার ফোন করে আমার খোঁজ নিত। আমি শেষবারের মতো আমার ছেলের মুখটা দেখতে চাই, নিজের হাতে তাকে মাটি দিতে চাই।’ পরিবারের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে সৌরভের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করা হয়েছে।

নিহত সৌরভ অত্যন্ত শান্ত স্বভাবের ছিলেন বলে জানিয়েছেন তার স্বজন তৌহিদুল ইসলাম ও কামাল মিয়া। মিসাইল আতঙ্কেই যে তার এমন করুণ মৃত্যু হবে, তা কিছুতেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। এ বিষয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা জানান, প্রবাসী এক যুবকের মৃত্যুর বিষয়টি তারা অবগত হয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে প্রশাসনের তরফ থেকে মরদেহ দেশে ফিরিয়ে আনাসহ প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহযোগিতা প্রদান করা হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup