ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আভা শহরে জরুরি সতর্কতা জারি করেছিল সৌদি আরবের সিভিল ডিফেন্স। তবে সম্ভাব্য নিরাপত্তার ঝুঁকি পর্যালোচনার পর সেই সতর্কতা আবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
সিভিল ডিফেন্সের পক্ষ থেকে পরিস্থিতি নিরাপদ ঘোষণা করা হলেও জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ঘটনাস্থলে অহেতুক জমায়েত না হওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিবেশী ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুতি ও সরকারি বাহিনীর মধ্যে সামরিক সংঘাত নতুন করে তীব্র হওয়ায় সীমান্তে এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছিল।
সম্প্রতি লোহিত সাগর ও কৌশলগত জলসীমায় হুতিরা প্রভাব জোরদারের চেষ্টা চালালে এই আঞ্চলিক উত্তাপ সৌদি সীমান্তেও ছড়ায়। বর্তমানে ইয়েমেনের তাইজ, আল-জাওফ ও আল-বাইদা প্রদেশে দুই পক্ষের তুমুল লড়াই চলছে। হুতিদের আস্তানা লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলাও অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালে হুতিরা রাজধানী সানা দখলের পর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ চলছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে টিকিয়ে রাখতে ২০১৫ সাল থেকে সেখানে সামরিক হস্তক্ষেপ করে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।








