Long Popup (2)
সর্বশেষ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির, দেখা হলো না দশ মাস বয়সী সন্তানকে

Chatga image 7City

সৌদি আরবের রাজধানী রিয়াদের গার্ণাটা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মনসুর আলম (৩১) নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহত মনসুর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকার মৃত বদিউল আলমের ছেলে। গত শনিবার (২২ আগস্ট) বিকেলে কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তবে রোববার রাতে তাঁর মৃত্যুর খবর দেশে পৌঁছালে রাঙ্গুনিয়ায় নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। জীবিকার তাগিদে গত সাত-আট বছর ধরে সৌদি আরবে ইন্টেরিয়রের কাজ করছিলেন দুই সন্তানের জনক মনসুর আলম।

স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্যমতে, শনিবার বিকেলে রিয়াদের গার্ণাটা এলাকায় একটি গাড়ির সামনের আসনে বসে কর্মস্থলে যাচ্ছিলেন মনসুর। গাড়িটি প্রধান সড়কে ওঠার সময় পেছন থেকে দ্রুতগতির একটি জিএমসি গাড়ি সজোরে ধাক্কা দিলে মনসুর সামনের কাঁচে মারাত্মকভাবে আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মনসুরকে বহনকারী গাড়ির চালক সামান্য আহত হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। দুর্ঘটনায় আহত অপর একজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে দুর্ঘটনার জন্য দায়ী জিএমসি গাড়ির চালককে সৌদি পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

নিহত মনসুর আলমের মরদেহ বর্তমানে রিয়াদের মুয়াছাত হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রবাসী মোহাম্মদ সরোয়ার আজম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের ভাই সিরাজ মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে ইতিমধ্যে দুবাই থেকে রিয়াদের উদ্দেশে রওনা হয়েছেন। প্রবাসে থাকার কারণে নিজের দশ মাস বয়সী ছোট ছেলেকে এখনো সামনাসামনি দেখার সুযোগ হয়নি মনসুরের। সন্তানের মুখ দেখার আগেই বাবার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বজনেরা এখন দ্রুত তাঁর মরদেহ দেশে ফিরিয়ে এনে দাফন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate