Long Popup (2)
সর্বশেষ

সৌদির কারাগারে বন্দী প্রবাসী, ছাড়াতে পরিবারে আকুতি

Sa 119.1782709579ProbashircityWebPopupUpdate

সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনার জেরে দীর্ঘ চার বছর ধরে বন্দী জীবন কাটাচ্ছেন মেহেরপুরের রফিকুল ইসলাম। তিন বছরের জেল খাটলেও ১ কোটি ৩০ লাখ টাকা জরিমানার অর্থ পরিশোধ করতে না পারায় এখনো দেশটির একটি থানায় আটকে আছেন তিনি। এদিকে রফিকুলের এই দুঃসময়ে দেশে তাঁর পরিবার তীব্র অর্থনৈতিক সংকটে দিন কাটাচ্ছে, যার ফলে তাঁর স্ত্রী, সন্তান ও বৃদ্ধা মায়ের জীবনে নেমে এসেছে চরম অনিশ্চয়তা।

রফিকুলের স্ত্রী আশামনি জানান, ২০১৯ সালে ভাগ্যবদল ও পরিবারের সচ্ছলতা ফিরাতে ভিসার মাধ্যমে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন রফিকুল। কিন্তু ২০২২ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর তাঁর ভাগ্য সম্পূর্ণ বদলে যায়। ওই ঘটনায় সৌদি আদালত তাঁকে তিন বছরের কারাদণ্ড এবং বিপুল অঙ্কের আর্থিক জরিমানা করেন। নির্ধারিত মেয়াদের তিন বছর জেল খাটলেও জরিমানার অর্থ পরিশোধ করতে না পারায় গত এক বছর ধরে তাঁকে থানায় আটকে রাখা হয়েছে। আশামনি চোখের পানি ফেলে বলেন, “আমাদের জরিমানা দেওয়ার মতো কোনো সম্পদ নেই। স্বামীর এই দুঃসময়ে আমরা চরম অর্থনৈতিক সংকটে আছি। ঠিকমতো খেতে পারছি না, মেয়েটার লেখাপড়ার খরচ জোগাতে পারছি না, এমনকি বৃদ্ধ শাশুড়ির চিকিৎসাও করাতে পারছি না।”

পরিবারটির দাবি, রফিকুল কোনো ইচ্ছাকৃত অপরাধ করেননি, বরং ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে তাঁকে আজ বিদেশের মাটিতে বন্দী থাকতে হচ্ছে। দীর্ঘদিন ধরে তাঁর সৌদি নিয়োগকর্তা বা কফিলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় কোনো আইনি লড়াই চালানোও তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে রফিকুলের মুক্তির দাবিতে বাংলাদেশ সরকার এবং সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে তাঁর পরিবার। তাঁরা জানান, কূটনৈতিক আলোচনার মাধ্যমে যদি জরিমানা মওকুফ কিংবা নিয়োগকর্তার মাধ্যমে কোনো আইনি সমাধান করা যায়, তবেই রফিকুল আবার দেশে ফিরতে পারবেন। একই সঙ্গে দেশের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোর কাছেও সহযোগিতার হাত বাড়ানোর আকুল অনুরোধ জানিয়েছেন তাঁরা।

প্রতিবেশী ও এলাকাবাসীর মতে, রফিকুল দেশের জন্য রক্তপানি করা একজন রেমিট্যান্স যোদ্ধা ছিলেন। আজ তাঁর এই চরম বিপদের দিনে রাষ্ট্র ও সমাজের সবার উচিত তাঁর পাশে দাঁড়ানো। ১ কোটি ৩০ লাখ টাকা হয়তো রাষ্ট্রের কাছে খুব বড় কিছু নয়, কিন্তু রফিকুলের অসহায় পরিবারটির কাছে এটি এখন জীবন-মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate