সৌদি আরবের রাস তানুরা এলাকায় দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা ১৪ আরোহীর সবার মৃত্যু হয়েছে। আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই মর্মান্তিক দুর্ঘটনার তথ্য জানা গেছে।
সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা উদ্ঘাটনে ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর তদন্ত চলছে। পাশাপাশি প্রাণঘাতী এই ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির জেরে প্রায় চার মাস ধরে ওই এলাকায় একধরনের অচলাবস্থা বিরাজ করছিল। দীর্ঘ বিরতির পর গত শুক্রবার পারস্য উপসাগরে অবস্থিত নিজেদের রাস তানুরা টার্মিনালে পুনরায় অপরিশোধিত তেল লোডিংয়ের কাজ শুরু করে সৌদি আরামকো। এর পরপরই কোম্পানিটির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার এই ঘটনা ঘটল।










