সৌদি আরবের জেদ্দায় এক নির্মাণাধীন প্রকল্পে কাজ করার সময় হঠাৎ ১২ মিটার উঁচু থেকে পড়ে যান এক প্রবাসী শ্রমিক। গুরুতর আহত অবস্থায় তাঁর দ্রুত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়। কিন্তু সড়কপথে ছিল তীব্র যানজট। সাধারণ অ্যাম্বুলেন্সে করে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। ঠিক এমন সংকটময় মুহূর্তে ওই কর্মীর প্রাণ বাঁচাতে উড়ে আসে একটি এয়ার অ্যাম্বুলেন্স।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই হৃদয়স্পর্শী দৃশ্য দেখা যায়। জানা যায়, ভিডিওটি ধারণ করেছেন আহত ওই পাকিস্তানি কর্মীর এক ইয়েমেনি সহকর্মী। চোখের সামনে একজন সাধারণ প্রবাসী শ্রমিকের জীবন বাঁচাতে কর্তৃপক্ষের এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপ দেখে তিনি রীতিমতো আবেগাপ্লুত হয়ে পড়েন। ভিডিওতে তাঁকে উচ্ছ্বাস ও বিস্ময়ের সঙ্গে এই মানবিক উদ্যোগের প্রশংসা করতে শোনা যায়।
সাধারণত কোনো প্রভাবশালী ব্যক্তি বা উচ্চপদস্থ কর্মকর্তার জরুরি প্রয়োজনে এমন বিশেষ ব্যবস্থা নিতে দেখা যায়। কিন্তু একজন সাধারণ প্রবাসী শ্রমিকের জন্য যানজট এড়িয়ে এয়ার অ্যাম্বুলেন্স ডাকার এই ঘটনা প্রমাণ করে যে, সেখানে মানুষের জীবনের মূল্য কতটা গুরুত্ব পায়। ইয়েমেনি ওই সহকর্মী তাঁর বর্ণনায় তুলে ধরেন, দেশটিতে মানবজীবনের প্রতি এমন সম্মান ও দায়িত্ববোধ সত্যিই বিরল ও প্রশংসনীয়।










