Long Popup (2)
সর্বশেষ

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল দুই বাংলাদেশির

2563 1780363847 copyProbashircityWebPopupUpdate

সৌদি আরবের রাজধানী রিয়াদে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাতে রিয়াদের একটি সড়কে মোটরসাইকেলের সঙ্গে উটের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন হারুনুর রশিদ ওরফে হারুন এবং রাসেল হোসেন। তাঁরা দুজনই লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার বাসিন্দা এবং পরস্পরের প্রতিবেশী ছিলেন।

সোমবার দুপুরে ওই দুই যুবকের মৃত্যুর খবর তাঁদের গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। নিহত হারুনের বাবা তছলিম উদ্দিন ছৈয়াল জানান, পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় অনেক ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠানো হয়েছিল। তাঁর সেই ছেলে যে এভাবে লাশ হয়ে ফিরবে, তা তাঁরা কখনোই কল্পনা করতে পারেননি। কান্নাজড়িত কণ্ঠে তিনি দ্রুত ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানান।

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, হারুন ও রাসেল শুধু প্রতিবেশীই ছিলেন না, তাঁরা ছিলেন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। জীবিকার তাগিদে তাঁরা দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছিলেন। দুর্ঘটনার রাতে তাঁরা দুজনে একটি মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন। পথে হঠাৎ একটি উটের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের জোরালো ধাক্কা লাগে। এতে তাঁরা দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দুজনকেই মৃত ঘোষণা করেন। দূর প্রবাসে একসঙ্গে দুই বন্ধুর এমন অকালমৃত্যুতে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা গভীর শোক প্রকাশ করে জানান, প্রবাসী দুই যুবকের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। পরিবারের আনুষ্ঠানিক আবেদনের ভিত্তিতে দ্রুত এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate