পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ইতিমধ্যে ১৫ লাখের বেশি বিদেশি পুণ্যার্থী সৌদি আরবে পৌঁছেছেন। হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই বিদেশি হজযাত্রীর এই উপস্থিতি গত বছরের মোট হিসাবকে ছাড়িয়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের হজ কমান্ডিং অফিসার সালেহ আল-মোরাব্বাহ জানান, এ বছর এখন পর্যন্ত মোট ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জন বিদেশি হজযাত্রী দেশটিতে প্রবেশ করেছেন।
আগামী সোমবার (২৫ মে) পবিত্র মিনার প্রান্তরে অবস্থানের মধ্য দিয়ে এবারের হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। ৮ জিলহজ মিনায় অবস্থানের পরদিন ৯ জিলহজ ঐতিহাসিক আরাফাতের ময়দানে সমবেত হওয়ার মাধ্যমে পালিত হবে হজের প্রধান স্তম্ভ বা মূল রোকন। সংশ্লিষ্টরা ধারণা করছেন, হজের আনুষ্ঠানিক পর্ব শুরুর আগে আজ ও আগামীকাল এই দুই দিনে দেশটিতে হজযাত্রীদের আগমনের সংখ্যা আরও বেশখানিকটা বৃদ্ধি পাবে।
বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসা লাখো পুণ্যার্থীর নিরাপত্তা ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি প্রশাসন। দেশটির সরকারি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মনসুর বিন নাসের আল-ফায়েজ ইতিমধ্যে পবিত্র স্থানগুলোতে নিয়োজিত বাহিনীর কার্যক্রম সরাসরি পরিদর্শন করেছেন। মাঠপর্যায়ের প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ শেষে তিনি নিশ্চিত করেন, আল্লাহর মেহমানদের সর্বোচ্চ সেবা দিতে নিরাপত্তা বাহিনীগুলো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
আরও
বিভিন্ন নিরাপত্তা ও সেবামূলক সংস্থার মধ্যে চমৎকার সমন্বয়ের কারণে এবার পুণ্যার্থীরা অত্যন্ত স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার সঙ্গে ইবাদত সম্পন্ন করতে পারবেন বলে আশা করছে সৌদি সরকার। প্রসঙ্গত, ২০২৫ সালে সর্বমোট ১৬ লাখ ৭৩ হাজার ৩২০ জন ধর্মপ্রাণ মুসলিম হজ পালন করেন, যার মধ্যে বিদেশি ছিলেন ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন। এবার মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই সেই সংখ্যা পার হয়ে যাওয়ায় এবারের হজের সার্বিক পরিসর গত বছরের তুলনায় উল্লেখযোগ্য মাত্রায় বড় হতে যাচ্ছে।








