সংযুক্ত আরব আমিরাতে নিজের পাঁচ বছর বয়সী শিশুসন্তানকে বহুতল ভবন থেকে নিচে ফেলে দিয়ে নিজেও লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক ভারতীয় নারী। গত বুধবার আমিরাতের আল-নাহদা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। গতকাল শনিবার (২৩ মে) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী ৩২ তলাবিশিষ্ট একটি আবাসিক ভবনের ১৫ তলার বারান্দা থেকে প্রথমে তাঁর শিশুসন্তানকে নিচে ফেলে দেন এবং এরপর তিনি নিজেও লাফ দেন। ভবনটির প্রথম ছয়তলায় গাড়ি পার্কিং ও ব্যায়ামাগার রয়েছে এবং এর ওপর থেকে আবাসিক অংশ শুরু হয়েছে। ওই ভবনের এক নিরাপত্তারক্ষী জানান, হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে তিনি দৌড়ে বাইরে যান এবং মা ও মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। শিশুটির মরদেহ সড়কে এবং মায়ের মরদেহ ফুটপাতের ওপর পড়ে ছিল। তাৎক্ষণিকভাবে পুলিশ ও অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত পুরো ভবনটি অবরুদ্ধ করে রাখে।
নিহত ৩৫ বছর বয়সী ওই নারীর স্বামী দুবাইয়ে চাকরি করেন। স্থানীয় ও ভবনের স্টাফদের সূত্রে জানা গেছে, এই মর্মান্তিক ঘটনার আগের দিন ওই দম্পতির মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সে সময় পুলিশও ডাকা হয়েছিল। ওই নারীর স্বামী তখন নিরাপত্তারক্ষীদের কাছে অভিযোগ করেছিলেন যে তাঁর স্ত্রী মানসিক সমস্যায় ভুগছেন। মানসিক টানাপোড়েন নাকি পারিবারিক কলহ—ঠিক কী কারণে ওই নারী এমন চরম পরিণতি বেছে নিলেন, সে বিষয়ে তদন্ত করছে স্থানীয় পুলিশ।










![]hgjn](https://probashtime.net/wp-content/uploads/2026/08/hgjn.webp)
