সর্বশেষ

আমি সৌদি আরবেরই মানুষ: রোনালদো

1771814483 0a0336cb8fdd5185c29e8ca2b72e4b27ProbashircityWebPopupUpdate

ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসেও যেন থামার কোনো লক্ষণ নেই পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল-হাজমকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তাঁর দল আল নাসর। আর এই ম্যাচেই বিশ্ব ফুটবলে এক অনন্য ও ঐতিহাসিক মাইলফলক ছুঁয়েছেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে বয়স ৩০ পেরোনোর পর ৫০০ গোল করার অবিশ্বাস্য এক কীর্তি গড়েছেন তিনি।

আল-হাজমের বিপক্ষে স্মরণীয় এই ম্যাচে জোড়া গোল করে দলকে বড় জয় এনে দেন রোনালদো। ম্যাচের প্রথম গোলটির মাধ্যমেই তিনি ৩০ বছর বয়সের পর ৫০০ গোলের ওই জাদুকরি মাইলফলক স্পর্শ করেন। এরপর নিজের দ্বিতীয় গোলটি করে সেই সংখ্যাকে ৫০১-এ নিয়ে যান এই মহাতারকা। দুই দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারে সব মিলিয়ে তাঁর মোট গোলসংখ্যা এখন ৯৬৫। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে তাঁর এই গোল ক্ষুধা ফুটবল–বিশ্বকে রীতিমতো বিস্মিত করেছে।

ঐতিহাসিক এই মাইলফলক ছোঁয়ার পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদো বলেন, তিনি সৌদি আরবে দারুণ সুখী। দেশটিতে তিনি, তাঁর পরিবার ও বন্ধুরা চমৎকারভাবে মানিয়ে নিয়েছেন জানিয়ে বলেন, ‘আমি এখানেই আছি, এখানেই থাকতে চাই।’ লিগ শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী রোনালদো আরও বলেন, বর্তমানে তাঁরা পয়েন্ট টেবিলের শীর্ষে আছেন এবং টানা জয়ের মাধ্যমে প্রতিদ্বন্দ্বীদের ওপর চাপ ধরে রাখছেন। মৌসুম শেষে এর চূড়ান্ত ফল দেখা যাবে। উল্লেখ্য, টানা দশম জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে এক পয়েন্টে পেছনে ফেলে আল নাসর এখন লিগের শীর্ষে অবস্থান করছে। পাশাপাশি এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নিয়েছে দলটি।

২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানোর পর থেকেই লিগ শিরোপার জন্য লড়ছে রোনালদোর আল নাসর। তবে মাঠের এই দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরেও আলোচনার জন্ম দিয়েছেন তিনি। তাঁর এই মাইলফলক ছোঁয়ার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভিডিও বার্তায় রোনালদোর ভূয়সী প্রশংসা করেছেন। নিজের টিকটক অ্যাকাউন্ট থেকে দেওয়া ওই বার্তায় ট্রাম্প ‘সিআর সেভেন’কে ‘সর্বকালের সেরা’ আখ্যা দিয়ে বলেন, আমেরিকা তাঁকে চায় এবং শিগগিরই তাঁরা রোনালদোকে যুক্তরাষ্ট্রে দেখতে চান।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate