সৌদি আরবের বেসরকারি খাতে রমজান মাসে কর্মীদের কর্মঘণ্টা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, পবিত্র রমজান মাসে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা দৈনিক ৬ ঘণ্টার বেশি কাজ করবেন না। সাপ্তাহিক কর্মঘণ্টা কোনোভাবেই ৩৬ ঘণ্টার বেশি হতে পারবে না।
সৌদি আরবের শ্রম আইনের ৯৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত দেশটিতে বেসরকারি খাতে দৈনিক কর্মঘণ্টা ৮ ঘণ্টা বা সপ্তাহে ৪৮ ঘণ্টা হয়ে থাকে। তবে রমজান মাসে মুসলিম কর্মীদের ইবাদত ও বিশ্রামের সুবিধার্থে এই বিশেষ ছাড় দেওয়া হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, যদি কোনো প্রতিষ্ঠান এই নির্দেশ অমান্য করে কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করায়, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে কাজের প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ করলে কর্মীদের বিধি মোতাবেক ওভারটাইম বা বাড়তি পারিশ্রমিক দিতে হবে।
বেসরকারি খাতের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের জন্যও রমজানের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য কর্মঘণ্টা আরও কমিয়ে দৈনিক ৫ ঘণ্টা করা হয়েছে। সাধারণত সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি অফিসগুলো খোলা থাকবে। তবে কিছু ক্ষেত্রে ফ্লেক্সিবল বা নমনীয় কর্মঘণ্টার সুযোগ রাখা হয়েছে, যাতে কর্মীরা নিজেদের সুবিধামতো শিফট বেছে নিতে পারেন।
আরও
জ্যোতির্বিজ্ঞানীদের গণনা অনুযায়ী, ২০২৬ সালে সৌদি আরবে রমজান মাস শুরু হতে পারে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি। সেই হিসেবেই সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।










