ওমরাহ পালনের উদ্দেশ্যে সম্প্রতি সৌদি আরবে গিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। সেখানকার একটি মজার অভিজ্ঞতা তুলে ধরে তিনি গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যা ইতোমধ্যে দর্শকদের দৃষ্টি কেড়েছে।

ভিডিওতে দেখা যায়, সৌদিতে অবস্থানকালে বিমানবন্দরে এক যুবকের সঙ্গে কথোপকথনে জড়ান পূর্ণিমা। এক পর্যায়ে ওই যুবক বিস্ময় প্রকাশ করে বলেন, ‘চেহারা দেখে তো একদম পূর্ণিমা আপুর মতো লাগছে।’ সরাসরি প্রশংসা শুনে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে অভিনেত্রীও পাল্টা রসিকতা করেন—‘আমাকেও সবাই বলে, আমার চেহারা নাকি দেখতে পূর্ণিমার মতো লাগে।’
আরও
ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। মন্তব্যের ঘরে অনেকেই এই মুহূর্তকে মজার ও প্রাণবন্ত বলে উল্লেখ করছেন। কেউ কেউ আবার বলেছেন, পূর্ণিমার উজ্জ্বলতা ও সৌন্দর্য যেন সময়ের সঙ্গে আরও বাড়ছে।
ইবাদতের সফরে সৌদি আরবে গিয়ে পূর্ণিমা বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও নিয়মিত শেয়ার করে ভক্তদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় ও স্মরণীয় সিনেমা উপহার দেওয়া এই শীর্ষ নায়িকাকে বর্তমানে সিনেমায় কম দেখা গেলেও বিশেষ কাজ ও অনুষ্ঠান উপস্থাপনায় মাঝে-মধ্যেই উপস্থিত থাকতে দেখা যায়।












