২১ বছর আগে সৌদি আরবে এনে পোলিশ যমজ বোন ওলগা ও দরিয়া কোলাজকে আলাদা করেন কিংবদন্তি চিকিৎসক ডা. আবদুল্লাহ আল-রাবিয়া। এর ঠিক দুই দশক পর আল রাবিয়াকে কৃতজ্ঞতা জানাতে সোমবার রিয়াদে ছুটে এসেছেন ওই দুই বোন।

এর আগে, ২০০৫ সালের ৪ জানুয়ারি কিং আবদুল আজিজ মেডিকেল সিটিতে ডা. আল-রাবিয়ার নেতৃত্বে একটি বিশেষ চিকিৎসক দল টানা ১৫ ঘণ্টা লড়াই করে এই দুই বোনকে সফলভাবে আলাদা করেছিলেন। ‘সৌদি প্রোগ্রাম ফর কনজয়েনড টুইনস’-এর অধীনে পরিচালিত সেই অপারেশনটি তৎকালীন সময়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
আরও
দীর্ঘ ২১ বছর পর সুস্থ ও স্বাভাবিকভাবে নিজেদের শৈশবের সেই ত্রাণকর্তার সামনে দাঁড়িয়ে ওলগা ও দরিয়া আবেগাপ্লুত হয়ে পড়েন। সাক্ষাৎকালে ডা. আল-রাবিয়া বলেন, সৌদি আরবের এই মানবিক কর্মসূচি আজ যে উচ্চতায় পৌঁছেছে, তার মূলে রয়েছে বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিরবচ্ছিন্ন সমর্থন। গত ৩৫ বছরে এই কর্মসূচির মাধ্যমে ২৮টি দেশের ১৫৫ জোড়া যমজ শিশুকে সেবা দেওয়া হয়েছে, যা বিশ্ব মানবতার জন্য অনন্য দৃষ্টান্ত।
মানুষের প্রতি মানুষের মমতা যে কোনো ভৌগোলিক সীমানা বা জাতিগত পরিচয়ে সীমাবদ্ধ নয়- এই পুনর্মিলন অনুষ্ঠানকে অনেকে সেভাবেই দেখছেন। যমজ বোন ওলগা ও দরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ডঃ আল-রাবিয়ার সেই নিপুণ অস্ত্রোপচার তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আজ তারা যেভাবে একটি স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবন যাপন করছেন, তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল সেই দিনই। যার নেপথ্য নায়ক ডা. আবদুল্লাহ আল-রাবিয়া।











