সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের নিজের ইকামার অধীনে নিবন্ধিত সিম কার্ডের সংখ্যা যাচাই করা অত্যন্ত জরুরি একটি বিষয়। অনেক সময় প্রবাসীদের অজান্তেই তাদের ইকামায় অতিরিক্ত বা ভুয়া সিম নিবন্ধিত হয়ে থাকে, যা পরবর্তী সময়ে বিভিন্ন আইনি জটিলতার ঝুঁকি তৈরি করতে পারে। এই সমস্যা সমাধানে সৌদি আরবের ‘কমিউনিকেশনস, স্পেস অ্যান্ড টেকনোলজি কমিশন’ একটি সহজ ডিজিটাল ব্যবস্থা চালু করেছে। এর মাধ্যমে যেকোনো ব্যক্তি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তার ইকামায় কতটি এবং কোন কোন অপারেটরের সিম সক্রিয় আছে তা দেখে নিতে পারবেন।
নিবন্ধিত সিম যাচাই করার জন্য প্রবাসীদের প্রথমেই সিএসটি-র অফিসিয়াল ‘মুত্তাসিল ইন্ডিভিজুয়াল’ পোর্টালে যেতে হবে। সেখানে ভাষার অপশন থেকে ইংরেজি নির্বাচন করে ইকামার নম্বর এবং জন্ম তারিখ প্রদান করতে হয়। আপনার কাছে যদি বর্তমানে একটি সচল মোবাইল নম্বর থাকে, তবে ‘Yes’ অপশন সিলেক্ট করে সেই নম্বরটি দিতে হবে। এরপর মোবাইলে আসা ভেরিফিকেশন কোডটি প্রবেশ করালেই আপনার ইকামায় থাকা সবকটি পূর্ণ মোবাইল নম্বর এবং সংশ্লিষ্ট টেলিকম অপারেটরদের একটি বিস্তারিত তালিকা দেখতে পাবেন।
যাদের কাছে কোনো সচল মোবাইল নম্বর নেই, তারাও একইভাবে পোর্টালে গিয়ে ইকামার তথ্য দিয়ে অনুসন্ধান করতে পারবেন। তবে এক্ষেত্রে পূর্ণ মোবাইল নম্বর না দেখিয়ে শুধু আপনার ইকামায় মোট কয়টি সিম এবং কোন কোন কোম্পানির সিম রয়েছে তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হবে। এছাড়াও স্মার্টফোন ব্যবহারকারীরা সিএসটি-র অফিসিয়াল মোবাইল অ্যাপ ডাউনলোড করে সেখানে ‘আরগামি’ ফিচারের মাধ্যমে একই তথ্য সহজেই স্মার্টফোনে দেখে নিতে পারেন।
আরও
যদি তালিকায় এমন কোনো নম্বর দেখা যায় যা আপনি নিজে কেনেননি বা ব্যবহার করছেন না, তবে দ্রুত সেই সিমটি বন্ধ করার ব্যবস্থা নিতে হবে। এজন্য সংশ্লিষ্ট টেলিকম অপারেটরের কাস্টমার কেয়ার বা শাখায় যোগাযোগ করে সিমটি বাতিলের অনুরোধ জানানো উচিত। অপারেটর যদি ব্যবস্থা না নেয়, তবে গ্রাহকরা সরাসরি সিএসটি-র পোর্টালে অভিযোগ দাখিল করতে পারেন।












