সৌদি আরবে ফুড ডেলিভারির কাজে নিয়োজিত অবস্থায় সড়ক দুর্ঘটনায় মো. বাবলু ভুঁইয়া (২১) নামে এক বাংলাদেশি প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (স্থানীয় সময়) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে রাজধানী রিয়াদের আল আরিথ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বাবলুর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব লোধেরগাঁও গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আবুল কালাম ভুঁইয়ার ছেলে।
নিহতের সহকর্মী ও প্রতিবেশী রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাবলু নিয়মিতভাবে মোটরসাইকেলে করে ফুড ডেলিভারির কাজ করতেন। ঘটনার দিন রাতেও ডেলিভারি দিতে যাওয়ার পথে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর আশায় ২০২৪ সালের আগস্ট মাসে সৌদি আরবে পাড়ি জমান বাবলু ভুঁইয়া। অল্প সময়ের মধ্যেই তিনি ফুড ডেলিভারি পেশায় যুক্ত হন এবং নিয়মিত কাজ করছিলেন। তবে ভাগ্যের নির্মম পরিহাসে প্রবাস জীবনের শুরুতেই তাকে প্রাণ হারাতে হলো।
আরও
ঘটনার পর নির্ধারিত সময়ে ডেলিভারি না পৌঁছানোয় সংশ্লিষ্ট কাস্টমার কোম্পানিতে অভিযোগ করেন। এরপর কোম্পানির পক্ষ থেকে বাবলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে এক পাকিস্তানি প্রবাসীর মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে সহকর্মীরা ঘটনাস্থলে যান এবং বাবলুর ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করেন। পুলিশের নির্দেশে স্থানীয় একটি হাসপাতালে গিয়ে তারা বাবলুর মরদেহ নিশ্চিত করেন।
এ ঘটনায় সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নিহত বাবলুর মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছেন তার স্বজন ও সহকর্মীরা।











