সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় ভারতের কেরালা রাজ্যের মাঞ্জেরির একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) মদিনা–জেদ্দা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন আব্দুল জলিল (৫২), তার মা মাইমুনাথ কাক্কেঙ্গাল (৭৩), স্ত্রী থাসনা থোডেঙ্গাল (৪০) এবং ১৪ বছর বয়সী ছেলে আদিল জলিল।
স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়েছে, দুর্ঘটনায় আব্দুল জলিলের তিন কন্যা—আয়েশা, হাদিয়া ও নূরাহ গুরুতর আহত হন। তাদের সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তারা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, পরিবারটি মক্কায় ওমরাহ পালন শেষে জেদ্দায় ফেরার পথে ছিল। সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তাদের বহনকারী গাড়িটি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
আরও
নিহত আব্দুল জলিল জেদ্দায় কর্মরত ছিলেন। তিনি পরিবারকে নিয়ে পর্যটন ভিসায় ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। দুর্ঘটনার খবরে কেরালার মাঞ্জেরির ভেলিলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাটি নিয়ে সৌদি কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে Gulf News।












