সৌদি আরবে থাকা বিদেশি শ্রমিক ও অভিবাসীদের জন্য আবাসন–সংক্রান্ত গুরুত্বপূর্ণ স্বস্তির খবর দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ভাড়া বাড়ানোর নামে প্রবাসীদের ওপর দীর্ঘদিন ধরে চলা হয়রানি বন্ধে বাড়িওয়ালাদের বিরুদ্ধে কঠোর দণ্ডবিধান কার্যকর করা হয়েছে। আবাসন খাতকে শৃঙ্খলার আওতায় আনতেই এই নতুন নিয়ম প্রণয়ন করা হয়েছে।
নতুন শ্রম ও আবাসন বিধিমালা অনুযায়ী, বাড়িওয়ালা যদি অনুমোদিত নিয়মের বাইরে ভাড়া বৃদ্ধি করেন, তবে তাকে প্রথমবার দুই মাসের ভাড়ার সমপরিমাণ, দ্বিতীয়বার ছয় মাসের এবং বারবার একই অপরাধ করলে এক বছরের সমপরিমাণ ভাড়া জরিমানা দিতে হবে। কর্তৃপক্ষের মতে, এতে অযৌক্তিক ভাড়া–বৃদ্ধির কারণে প্রবাসীদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে।
প্রবাসীদের জন্য আরেকটি বড় সমস্যা হলো বাড়িওয়ালারা ‘ইজার’ (Ejar) প্ল্যাটফর্মে ভাড়াচুক্তি নিবন্ধন করতে অনীহা প্রকাশ করেন। নতুন আইনে বলা হয়েছে, ইজারে চুক্তি নিবন্ধন না করলে মালিককে সতর্ক করার পাশাপাশি তিন থেকে ছয় মাসের ভাড়ার সমপরিমাণ জরিমানা দিতে হবে। নিবন্ধিত চুক্তি ছাড়া মালিক কিংবা ভাড়াটিয়া কেউই আইনগত সুরক্ষা পান না।
আরও
এ ছাড়া রিয়াদসহ বিভিন্ন অঞ্চলে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই ভাড়াটিয়াকে বাসা ছাড়তে বাধ্য করা কিংবা চুক্তি নবায়নে অস্বীকৃতি জানালে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। প্রবাসীদের ন্যায়সঙ্গত বাসস্থান অধিকার নিশ্চিত করাই এসব বিধিনিষেধের মূল লক্ষ্য।
সৌদি প্রশাসন জানিয়েছে, নতুন নীতিমালা কার্যকর হলে আবাসন বাজারে স্বচ্ছতা বাড়বে এবং প্রবাসীরা ভাড়া–সংক্রান্ত যেকোনো অন্যায় চাপ থেকে মুক্ত থাকবে। আবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত তদারকি ও কঠোর আইন প্রয়োগ অব্যাহত থাকবে।












