সৌদি আরবে অবৈধভাবে অবস্থান ও কাজ করা বিদেশিদের বিরুদ্ধে বৃহৎ আকারের অভিযান পরিচালনা করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে মোট ১৯ হাজার ৭৯০ জন বিদেশিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১১ হাজার ১৪৮ জনকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে ও স্থানীয় দৈনিক ওকাজ-এর বরাত দিয়ে বলা হয়, অভিযানটিতে সৌদি পুলিশের পাশাপাশি একাধিক সরকারি সংস্থা যৌথভাবে অংশ নেয়। অভিযানে ১২ হাজার ২৫২টি আবাসন আইন লঙ্ঘন, ৪ হাজার ৩৮৪টি সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন এবং ৩ হাজার ১৫৪টি শ্রম আইন ভঙ্গের ঘটনা শনাক্ত হয়। আটক ব্যক্তিদের অনেককে ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, মোট ২১ হাজার ৮০৫ জনের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়েছে এবং ৫ হাজার ৩৭০ জনের ভ্রমণসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সীমান্ত-সংক্রান্ত অপরাধে আটক ১ হাজার ৬৬১ জন সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন। তাদের মধ্যে ৫৪ শতাংশ ইথিওপিয়ান, ৪৫ শতাংশ ইয়েমেনি, এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক।
আরও
অতিরিক্তভাবে, অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করার সময় ৪৯ জন বিদেশিকে আটক করা হয়। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় দেওয়া বা কাজে নিয়োজিত করার অভিযোগে ১৫ জন সৌদি নাগরিক ও বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
বর্তমানে ৩১ হাজার ২৯২ জন আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, যাদের মধ্যে ২৯ হাজার ৪১০ জন পুরুষ এবং ১ হাজার ৮৮২ জন নারী। সৌদি সরকার জানিয়েছে, অবৈধ অভিবাসন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











