সৌদি আরবের আধুনিক পরিবহন ব্যবস্থায় আরেকটি বড় মাইলফলক যুক্ত হয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস আনুষ্ঠানিকভাবে রিয়াদ মেট্রোকে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো নেটওয়ার্ক হিসেবে স্বীকৃতি দিয়েছে। সম্পূর্ণ স্বয়ংক্রিয় এ নেটওয়ার্কের মোট দৈর্ঘ্য ১৭৬ কিলোমিটার, যা সৌদির নগর পরিবহনে দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির প্রতিচ্ছবি।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদ শহরের বৃহৎ গণপরিবহন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই মেট্রো প্রকল্প। ছয়টি ইন্টিগ্রেটেড মেট্রো লাইন, ৮৫টি আধুনিক স্টেশন এবং সম্পূর্ণ অটোমেটেড ট্রেন পরিচালনা ব্যবস্থা নিয়ে রিয়াদ মেট্রো তৈরি হয়েছে ভবিষ্যত-নির্ভর নগর পরিবহনের আদর্শ কাঠামো হিসেবে।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, উচ্চ প্রযুক্তির নিয়ন্ত্রণকক্ষ থেকে এই মেট্রো পরিচালিত হয়, যেখানে নিরাপত্তা, কার্যকারিতা ও সময়নিষ্ঠতা নিশ্চিতে অত্যাধুনিক অটোমেশন ব্যবস্থার ব্যবহার করা হয়। গিনেসের বার্ষিক রেকর্ড বইতেই উল্লেখ করা হয়েছে—রিয়াদ মেট্রো শহুরে গতিশীলতা বাড়ানো, যানজট কমানো এবং পরিবেশবান্ধব নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও
রিয়াদে মেট্রো ও বাসভিত্তিক পরিবহন ব্যবস্থার সমন্বিত এ নেটওয়ার্কের ফলে রাজধানীর ট্র্যাফিক ব্যবস্থাপনা, অর্থনৈতিক কার্যক্রম, নগর পরিকল্পনা এবং নাগরিক সেবায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ। এটি দীর্ঘমেয়াদে সামাজিক জীবনযাপনকেও আরও গতিশীল করবে বলে ধারণা দেওয়া হয়েছে।
এসপিএ আরও জানিয়েছে, এই বৈশ্বিক স্বীকৃতি রিয়াদ সিটির জন্য রয়েল কমিশনের টেকসই ও উদ্ভাবনী নগর পরিবহন ধারণার বাস্তব প্রয়োগের সাফল্যকে প্রতিফলিত করে। প্রকল্পটি সৌদি ভিশন ২০৩০–এর একটি কৌশলগত অংশ, যার মূল লক্ষ্য উন্নত অবকাঠামো গড়ে তুলে নাগরিকদের জীবনমান উন্নয়ন।











