সৌদি আরবে পুলিশের গুলিতে নিহত হয়েছেন নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের গড়বাড়ী গ্রামের প্রবাসী শ্রমিক হাসিম উদ্দিন (৪৪)। গত ২৪ নভেম্বর সকালে জেদ্দার সাবিহা এলাকায় দায়িত্ব পালনকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবারের অভাব-অনটন দূর করার লক্ষ্যে মাত্র পাঁচ মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি।
পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, দেশে রিকশা চালিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল হাসিম উদ্দিনের। ওই পরিস্থিতিতে ভালো জীবনযাপনের আশায় চলতি বছরের ২২ জুন আল তেজারত কোম্পানির অধীনে সৌদিতে সিটি ক্লিনারের কাজে যোগ দেন। বিদেশে যাওয়ার পর থেকে নিয়মিত বাড়ির সঙ্গে যোগাযোগ রাখতেন এবং জানাতেন যে কাজকর্ম সব ঠিকঠাক চলছে। সর্বশেষ ২৩ নভেম্বর রাতে স্ত্রী ও সন্তানদের সঙ্গে তার কথা হয়।
ঘটনার দিন সকালে তিনি নিয়মমতো কাজে ছিলেন। এ সময় তার কর্মস্থল থেকে কিছুটা দূরে এক সন্দেহভাজন চোরকে লক্ষ্য করে গুলি ছোড়ে সৌদি পুলিশ। দুর্ভাগ্যবশত ভুলবশত ছোড়া একটি গুলি পেছন দিক থেকে এসে হাসিম উদ্দিনের দেহ ভেদ করে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিলেও চিকিৎসক তাকে আর বাঁচাতে পারেননি।
আরও
মর্মান্তিক এই মৃত্যুসংবাদ পেয়ে পরিবারে নেমে আসে শোকের ছায়া। স্ত্রী তাছলিমা বেগম জানান, ঘটনাটি জানার পর তিনি বিশ্বাসই করতে পারেননি যে আকস্মিক গুলিতে তার স্বামী প্রাণ হারিয়েছেন। সহকর্মী আলতাফ হোসেন ফোন করে জানানোর পর পুরো পরিবার স্তব্ধ হয়ে যায়।
নিহতের মেয়ে স্মৃতি আক্তার জানান, বাবার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য নরসিংদী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং সৌদি আরবের সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখন শুধু মরদেহ দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো বাবাকে দেখতে পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন তারা।











