সন্ত্রাসী সংগঠনে সম্পৃক্ততা এবং মসজিদে হামলার পরিকল্পনার দায়ে সৌদি আরবে দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
এসপিএ জানিয়েছে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ওই দুই ব্যক্তির মৃত্যুদণ্ড আজই কার্যকর করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এবং রাষ্ট্রীয় অবকাঠামো লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছিলেন।
যদিও কখন ও কোথায় তারা এসব হামলার চেষ্টা চালিয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে মন্ত্রণালয় জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ উপস্থাপনের পর আদালত মৃত্যুদণ্ডের রায় দেয়, যা পরবর্তীতে কার্যকর করা হয়।
আরও
উল্লেখ্য, সৌদি আরবে রাজনৈতিক দল বা সশস্ত্র সংগঠন গঠন ও তাতে যোগদান সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি সরকারবিরোধী কোনো বিক্ষোভ বা আন্দোলনেও অংশগ্রহণ করলে কঠোর শাস্তির বিধান রয়েছে।
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের হার তুলনামূলক বেশি। বিশেষ করে সন্ত্রাস, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং সহিংস অপরাধের মামলায় দেশটি কঠোর আইন প্রয়োগের নীতি অনুসরণ করে।
সূত্র: রয়টার্স






![]gfd](https://probashtime.net/wp-content/uploads/2026/03/gfd.webp)





