সৌদি আরবে পুলিশের গুলিতে এক প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। গত ১৬ অক্টোবর দেশটির স্থানীয় পুলিশের সঙ্গে অবৈধ মদের চক্রের সংঘর্ষের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকায় গুলিবিদ্ধ হন ওই শ্রমিক। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত মৃত্যু হয় তার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নিহতের নাম বিজয় কুমার মাহাতো (২৬)। তিনি ভারতের ঝাড়খণ্ডের গিরিডিহ জেলার দুধপানিয়া গ্রামের বাসিন্দা এবং সৌদি আরবের হুন্ডাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন। ঘটনার দিন তিনি কোম্পানির নির্দেশে কিছু প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে বের হয়েছিলেন। সে সময় পুলিশের সঙ্গে এক মদ পাচারকারী চক্রের গোলাগুলির মধ্যে পড়ে যান তিনি। পুলিশের ছোড়া একটি গুলি দুর্ঘটনাক্রমে তার শরীরে লাগে।
ভারতের শ্রম মন্ত্রণালয়ের অভিবাসী নিয়ন্ত্রণ কক্ষের টিম লিডার শিখা লাকরা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা রিয়াদে ভারতীয় দূতাবাস ও জেদ্দা পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন, যাতে দ্রুত বিজয়ের মরদেহ ভারতে ফেরত আনা যায়।
আরও
ভারতীয় অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সমাজকর্মী সিকান্দার আলী বলেন, বিজয় নয় মাস ধরে সৌদি আরবে টাওয়ার লাইন ফিটার হিসেবে কাজ করছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর তিনি তার স্ত্রী বাসন্তী দেবীকে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে জানান যে তিনি ক্রসফায়ারে পড়েছেন। পরিবার প্রথমে ভেবেছিল তিনি চিকিৎসাধীন, কিন্তু ২৪ অক্টোবর কোম্পানি তাদের মৃত্যুর খবর দেয়।
বিজয়ের মৃত্যুর পর তার গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পাঁচ ও তিন বছরের দুই সন্তান এবং বাবা-মাকে রেখে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। নিহতের শ্যালক রাম প্রসাদ মাহাতো জানান, বিজয় মৃত্যুর আগে স্ত্রীকে জানিয়েছিলেন যে পুলিশ অন্য কাউকে লক্ষ্য করে গুলি চালালেও ভুলবশত তিনি গুলিবিদ্ধ হন।
এদিকে ডুমরির বিধায়ক জয়রাম কুমার মাহাতো ভারতীয় দূতাবাস, সৌদি রাষ্ট্রদূত, ঝাড়খণ্ডের রাজ্যপাল ও জেলা প্রশাসকের কাছে চিঠি লিখে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং বিজয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি তার পরিবারের জন্য আইনি ও আর্থিক সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন।












