সৌদি আরব পর্যটনকেন্দ্র হিসেবে প্রতিনিয়ত নিজেদের আধুনিক অবকাঠামো দিয়ে বিশ্বকে অবাক করে দিচ্ছে। তার অংশ হিসেবে রাজধানী রিয়াদে চালু হয়েছে বিশ্বের দীর্ঘতম ড্রাইভারবিহীন মেট্রো, ‘রিয়াদ মেট্রো’। গত বছরের ডিসেম্বরে চালু হওয়া এই স্বয়ংক্রিয় দ্রুতগামী রেলব্যবস্থা এখন শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
মেট্রো নেটওয়ার্ক ১৭৬ কিলোমিটার দীর্ঘ এবং ছয়টি লাইনে বিস্তৃত। ৮৫টি স্টেশনের মধ্যে চারটি বিশেষভাবে পর্যটকদের জন্য সাজানো হয়েছে—কাসর আল হোকম, কেএএফডি, এসটিসি ও ওয়েস্টার্ন স্টেশন। কাসর আল হোকম স্টেশনটি নরওয়েজিয়ান আর্কিটেকচার ফার্মের নকশায় তৈরি, সাততলা বিশিষ্ট ও ৪০ মিটার গভীরে বিস্তৃত, যেখানে ইনডোর গার্ডেন, শিল্পকর্ম এবং বিভিন্ন দোকান রয়েছে। কেএএফডি স্টেশনে রয়েছে মার্কিন শিল্পী আলেকজান্ডার ক্যালডারের ভাস্কর্য, এসটিসি স্টেশন সৌদির টুয়াইক পাহাড়ের চুনাপাথর থেকে অনুপ্রাণিত, এবং ওয়েস্টার্ন স্টেশন আল সুইদি এলাকায় চালু হয়েছে।
রিয়াদ মেট্রোতে শক্তি সাশ্রয়ী প্রযুক্তি, রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম ও সৌর প্যানেল ব্যবহার করা হয়েছে। ভাড়া অত্যন্ত সাশ্রয়ী—দুই ঘণ্টার জন্য মাত্র চার সৌদি রিয়াল (প্রায় এক ডলার)। পাশাপাশি পুরুষ, পরিবার ও প্রথম শ্রেণির জন্য আলাদা কারেজ রয়েছে।
আরও
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মেট্রো শুধু যাতায়াত সহজ করছে না, বরং সামাজিক যোগাযোগও বাড়াচ্ছে। শহরের বিভিন্ন স্তরের মানুষ একে অপরের সঙ্গে সহজে মিশতে পারছে। রিয়াদ সিটি কমিশনের সিইও ইব্রাহিম বিন মুহাম্মেদ আল সুলতান বলেন, ‘এই প্রজেক্ট শহরের চিত্র পরিবর্তন করেছে এবং অর্থনৈতিক, সামাজিক ও নগর উন্নয়নের সঙ্গে জড়িত।’
চালুর ছয় মাসে মেট্রো ব্যবহার করেছেন ১৮ মিলিয়নের বেশি যাত্রী। ভবিষ্যতে নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। ফলে রিয়াদ মেট্রো শুধু একটি পরিবহন ব্যবস্থা নয়, শহরের আধুনিকতা ও প্রগতির প্রতীক হিসেবে আন্তর্জাতিক পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছে।












