ফুটবলপ্রেমীরা সাধারণত টাকা খরচ করে মাঠে গিয়ে প্রিয় দলের খেলা দেখেন। কিন্তু সৌদি আরবের নিয়োম স্পোর্ট ক্লাবে এমন এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে দর্শকরা ম্যাচ দেখা নয়, বরং গ্যালারিতে বসার জন্য প্রায় ১,৩৩৮ টাকা (১১ ডলার) পারিশ্রমিক পাচ্ছেন।

ফরাসি দৈনিক ল’কিপ জানিয়েছে, কিং খালিদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে নিজেদের হোম ম্যাচে নিয়োম এসসি দর্শক ভাড়া করে। নির্বাচিত দর্শকদের হোয়াটসঅ্যাপে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়—কীভাবে চিৎকার করতে হবে, কোন স্লোগান তুলতে হবে। প্রত্যেকে ম্যাচের জন্য প্রায় ১,৪০০ টাকা করে পান।
আরও
১৯৬৫ সালে আল-সুকুর ক্লাব হিসেবে যাত্রা শুরু করা এই দলটি বহু বছর দ্বিতীয় ও তৃতীয় বিভাগে খেলেছে। ২০১১ সালে প্রথমবার প্রথম বিভাগে ওঠার পর দ্রুত নাম নেমে আসে। পরবর্তী সময়ে সৌদি সরকারের ক্রীড়া মন্ত্রণালয় ক্লাবটির দায়িত্ব নেয় এবং ২০২৩ সালে নাম পরিবর্তন করে নিয়োম স্পোর্ট ক্লাব রাখা হয়। এখন ক্লাবটির দলে রয়েছেন আন্তর্জাতিক তারকা খেলোয়াড়রা, কোচ হিসেবে আছেন পিএসজির সাবেক ম্যানেজার ক্রিস্তফ গালতিয়ে।


ভবিষ্যতের পরিকল্পনা হিসেবে নিয়োম কোম্পানি মরুভূমির বুকে ১৭০ কিলোমিটার দীর্ঘ নতুন শহর গড়ে তুলছে। এখানে তৈরি হবে ৪৫ হাজার দর্শক ধারণক্ষমতার নিয়োম স্টেডিয়াম, যা লোহিত সাগরের তীরে ৩৫০ মিটার উচ্চতায় উঠবে এবং ২০৩৪ বিশ্বকাপের একটি ভেন্যু হবে।
এখন প্রশ্ন হলো—সমর্থকের অভাব মেটাতে ‘ভাড়া দর্শক’ দিয়ে স্টেডিয়াম ভরা কি সৌদি ফুটবলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে, নাকি এটি তাদের নতুন ধরনের মার্কেটিং কৌশল? এই উদ্যোগ নিয়ে সমালোচনা ও আলোচনা দুইই তীব্রভাবে চলছে।












