সৌদি আরবে জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত বিদেশি চালকদের নির্বাসনের বিধান রেখে ট্রাফিক আইনের সংশোধনী আনা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই আইনের নির্বাহী প্রবিধানে নির্দিষ্ট কিছু শ্রেণিকে নির্বাসন থেকে অব্যাহতি দেওয়া হবে।
শুক্রবার সরকারি গেজেট ‘উম্ম আল-কুরা’-তে প্রকাশিত তথ্য অনুযায়ী, ট্রাফিক আইনের ৭৪ নম্বর ধারায় এই পরিবর্তন আনা হয়।
সংশোধিত আইন অনুসারে, যদি কোনো বিদেশি চালক বিপজ্জনক ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য আদালতের চূড়ান্ত রায়ে দোষী সাব্যস্ত হন, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে নির্বাসনের ক্ষমতা পাবে। শুধু তাই নয়, নির্বাসিত ব্যক্তি যেন পুনরায় সৌদি আরবে প্রবেশ করতে না পারে, সেই বিষয়টিও নিশ্চিত করা হবে।
আরও
সংশোধিত আইনে বারবার আইন লঙ্ঘনকারীদের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। যদি কোনো চালক প্রথমবার আইন লঙ্ঘনের এক বছরের মধ্যে দ্বিতীয়বার একই ধরনের অপরাধ করেন, তবে তাকে সর্বোচ্চ জরিমানা করা হবে। একই বছরে তৃতীয়বার এমন অপরাধ করলে বিষয়টি আদালতে পাঠানো হবে, যেখানে আদালত তাকে এক বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবেন।










