সৌদি আরবের মন্ত্রিসভা গাজায় চলমান মানবিক সংকট মোকাবিলা ও স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য তাদের কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে গাজায় জরুরি ভিত্তিতে ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়া এবং ফিলিস্তিন-ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাঠানো বার্তা আলোচিত হয়। পাশাপাশি ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের বিষয়ও গুরুত্ব পায়।
সৌদি তথ্যমন্ত্রী সালমান বিন ইউসুফ আল-দোসারি বৈঠক শেষে জানান, মন্ত্রিসভা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সর্বশেষ পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করেছে। এ সময় সৌদি আরব ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতির বিষয়ও পুনরায় উল্লেখ করা হয়।
আরও
উক্ত যৌথ বিবৃতিতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। একই সঙ্গে দ্বিরাষ্ট্র সমাধান ব্যাহত করতে পারে এমন যে কোনো পদক্ষেপের নিন্দা জানিয়ে, মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দুই দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।












