সর্বশেষ

সৌদিতে ব্যাপক অভিযান, ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার

Massive crackdown in saudi arabia, more than 20,000 expatriates arrested in one weekCity ads Investment (1)

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে জানানো হয়, ২১ থেকে ২৭ আগস্ট পর্যন্ত সৌদির বিভিন্ন অঞ্চলে যৌথ অভিযান চালিয়ে মোট ২০ হাজার ৩১৯ জনকে আটক করা হয়। এ অভিযানে দেশটির নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন সরকারি সংস্থা অংশ নেয়। কর্মকর্তারা জানান, গ্রেপ্তারদের মধ্যে ১২ হাজার ৮৯১ জন আবাসন আইন, ৩ হাজার ৮৮৮ জন সীমান্ত আইন এবং ৩ হাজার ৫৪০ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক হয়েছেন।

এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ২৩৮ জনকে আটক করা হয়। তাদের মধ্যে অর্ধেক ইয়েমেনি ও প্রায় সমপরিমাণ ইথিওপিয়ান নাগরিক। একই সময়ে অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টা করার অভিযোগে আরও ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহন দেওয়ার দায়ে সৌদি নাগরিকসহ ১৬ জনকে আটক করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ২৭ হাজারের বেশি প্রবাসীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। এর মধ্যে ২০ হাজারেরও বেশি আটককৃতকে দেশে ফেরানোর প্রস্তুতি হিসেবে তাদের নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে, আর ইতোমধ্যে ১১ হাজারের বেশি প্রবাসীকে সৌদি থেকে প্রত্যাবাসন করা হয়েছে।

উল্লেখ্য, সৌদি আইনে অবৈধভাবে সীমান্ত অতিক্রমে সহায়তা করার শাস্তি সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ রিয়াল জরিমানা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার সতর্ক করে জানিয়েছে, অভিবাসন ও শ্রম আইন ভঙ্গের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মরু অঞ্চলভিত্তিক এ দেশে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস, যার মধ্যে লাখো বিদেশি শ্রমিক কর্মরত আছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup