সৌদি আরবে আগে নারীদের চাকরির সুযোগ খুব সীমিত ছিল এবং শিক্ষাগত ক্ষেত্রে তারা পিছিয়ে ছিল। বেশিরভাগ নারী ঘরে থাকতেন এবং কর্মক্ষেত্রে তাদের উপস্থিতি খুব কমই দেখা যেত। তবে ইসলামি শরীয়াহ অনুযায়ী দেশটির সংস্কার এবং সামাজিক পরিবর্তনের ফলে নারীদের অবস্থা অনেক উন্নত হয়েছে। এখন সৌদি নারীরা বিভিন্ন খাতে সক্রিয়ভাবে কাজ করছেন।
সৌদির জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকসের ২০২৪ সালের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর সৌদি নারীর সংখ্যা ৯৮ লাখের বেশি। নারীদের মধ্যে কর্মসংস্থান অনুপাত বেড়ে দাঁড়িয়েছে ৩১.৮ শতাংশে, আর কর্মক্ষেত্রে তাদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়ে ৩৬ শতাংশে পৌঁছেছে। পাশাপাশি, বেকারত্বের হারও কমেছে। ২০২৪ সালের শেষ তিন মাসে নারীদের বেকারত্বের হার ছিল ১১.৯ শতাংশ, যা ২০২৩ সালে ১৩.৯ এবং ২০২২ সালে ১৫.৭ শতাংশ ছিল।
শিক্ষা, উদ্ভাবন ও খেলাধুলার ক্ষেত্রেও সৌদি নারীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ২৫ বছরের বেশি বয়সী নারীদের মধ্যে ৩৫ শতাংশের বেশি নারী স্নাতক বা সমমানের ডিগ্রিধারী। ২০২৪ সালে ২২ জন নারী নতুন উদ্ভাবনের জন্য সহায়তা পেয়েছেন। এছাড়া নারী ক্রীড়াবিদরা ১,৯৫৬টি স্থানীয় ও আন্তর্জাতিক খেলায় পুরস্কার জিতেছেন।
আরও
প্রতিবেদনটি “সৌদি উইমেন রিপোর্ট ২০২৪” নামে প্রকাশিত হয়েছে, যেখানে ১৫ বছর বা তার বেশি বয়সী নারীদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সংস্কৃতি এবং অবসর কাটানোর পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এই তথ্যগুলো থেকে সৌদি নারীদের বর্তমান অবস্থা ও তাদের সামাজিক ও অর্থনৈতিক অংশগ্রহণের সামগ্রিক চিত্র জানা যায়।
গত বছরে প্রায় ৯ লাখ ৯৭ হাজার নারী বেসরকারি খাতে, ৫ লাখ ৬ হাজার সরকারি খাতে এবং ১ লাখ ৫৭ হাজার ৬০০ জন বৃহত্তর জনসেবা খাতে কাজ করছেন। একজন সৌদি নারী গড়ে সপ্তাহে ৩৯ ঘণ্টা কাজ করেন। ১৫–২৪ বছর বয়সী নারীরা মাসে ৪,৮৩২ রিয়াল, ২৫–৫৪ বছর বয়সী নারীরা ৮,৩২৮ রিয়াল এবং ৫৫ বা তার বেশি বয়সী নারীরা ১০,৭৩৯ রিয়াল আয় করেন।












