সৌদি আরবের মক্কার মিসফালা ব্রিজের নিচে পাওয়া গেছে বাংলাদেশি যুবক সাইফুলের মরদেহ। রিয়াদে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। অসুস্থ হয়ে পড়ার পর সহকর্মীদের সহায়তায় বেতন নিয়ে মক্কায় চলে আসেন। ইচ্ছে ছিল সুস্থ হয়ে দেশে ফিরে মায়ের কোলে ফিরে যাবেন। তবে সেই ইচ্ছা আর পূরণ হলো না।
দেশে ফেরার জন্য এক দালালের হাতে দেন শেষ সম্বল। কিন্তু দালাল প্রতারণা করে টাকা নিয়ে পালিয়ে যায়। শরীরে অসুস্থতা, হাতে-পকেটে টাকা নেই—এ অবস্থায় সাইফুল আশ্রয় নেন মিসফালা ব্রিজের নিচে। প্রচণ্ড গরমে দিন কাটে তার একাকী, অনাহারে ও কষ্টে।
সোশ্যাল মিডিয়ায় তার করুণ অবস্থার কথা ছড়িয়ে পড়লে প্রবাসী মোহাম্মদ শিপন তাকে উদ্ধার করেন ও চিকিৎসার ব্যবস্থা করেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২–৩ দিনের মধ্যে দেশে পাঠানো হবে। পরিবারও আশার আলো দেখেছিল। কিন্তু সেই অপেক্ষার মাঝেই সাইফুল নিঃশেষ হয়ে গেলেন।
আরও
এই মৃত্যু কেবল এক ব্যক্তির নয়—প্রতিনিয়ত ঘটে যাওয়া দালালচক্রের নির্মম শিকার। প্রশ্ন উঠছে—এই মৃত্যুর দায় কে নেবে? আর কত সাইফুল এভাবে হারিয়ে যাবে প্রবাসের অন্ধকারে?












