ক্রমেই মাদকের অপরাধ বৃদ্ধি পাচ্ছে সৌদি আরবে। প্রায়ই মাদকের বিশাল বিশাল চালান জব্দ করছে দেশটির আইন শৃঙ্খলা বাইহিনি। এরপরেও যেন লাগাম টানা যাচ্ছেনা। ফলে, মাদক-সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে আরো কঠোর হচ্ছে দেশটি। ইতিমধ্যেই একদিনে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এএফপির খবরে বলা হয়েছে, সম্প্রতি দেশটিতে বিশেষ করে মাদক-সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডের হার বাড়ছে সৌদি আরবে।
সৌদি প্রেস এজেন্সি জানায়, শনিবার দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় চারজন সোমালীয় এবং তিনজন ইথিওপীয় নাগরিককে শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারা হাশিশ পাচারের দায়ে অভিযুক্ত ছিলেন। এ ছাড়া এক সৌদি নাগরিককে তার মাকে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এএফপির হিসাব অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত সৌদি আরবে ২৩০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে ১৫৪ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মাদক সংশ্লিষ্ট মামলায়।
চলতি বছরের মৃত্যুদণ্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের রেকর্ড ৩৩৮টি মৃত্যুদণ্ডের ঘটনাকেও ছাড়িয়ে যেতে পারে এ বছর। বিশ্লেষকদের মতে, ২০২৩ সালে সৌদি সরকার ঘোষিত ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ নীতির প্রেক্ষিতে অনেক আসামির মামলার বিচার শেষ হয়ে এখন সাজা কার্যকর করা হচ্ছে।
আরও
মাদক মামলায় প্রায় তিন বছর মৃত্যুদণ্ড স্থগিত রাখার পর ২০২২ সালের শেষদিকে দেশটি আবার এ ধরনের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর শুরু করে।











