সর্বশেষ

মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের সুখবর দিল সৌদি

Saudi arabia gives good news to expired visa holdersCity ads Investment (1)

সৌদি আরবে ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসীদের জন্য এসেছে আশার খবর। দেশটির পাসপোর্ট অধিদপ্তর ‘জাওয়াজাত’ এক ঘোষণায় জানিয়েছে, এখন থেকে মেয়াদোত্তীর্ণ ভিসাধারীরা ৩০ দিনের মধ্যে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বৈধভাবে নিজ দেশে ফিরতে পারবেন। সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এই নতুন সুযোগটি কার্যকর হয়েছে ২৬ জুন থেকে, যা হিজরি ক্যালেন্ডারে ১ মহররম তারিখে চালু হয়। জাওয়াজাত জানিয়েছে, যেসব প্রবাসীর ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে, তারা নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে ‘চূড়ান্ত প্রস্থান’-এর (final exit) জন্য আবেদন করতে পারবেন।

এ ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সৌদি সরকারের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আবশের’-এর মাধ্যমে। আবেদনকারীরা ‘তাওয়াসুল’ সেবা ব্যবহার করে নিজ উদ্যোগে আবেদন করতে পারবেন। যাদের ডিজিটাল প্রক্রিয়া বোঝা কঠিন, তারা পরিচিতদের সহায়তা নিতে পারেন অথবা নিকটবর্তী কোনো ভিসা সেবা কেন্দ্র বা সাইবার ক্যাফের সহায়তা নিতে পারেন।

জাওয়াজাত কর্তৃপক্ষ সময়মতো আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। নির্ধারিত ৩০ দিনের সময়সীমা পেরিয়ে গেলে আবেদনকারীদের বিরুদ্ধে অতিরিক্ত জরিমানা কিংবা আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

উল্লেখ্য, সৌদি সরকার দীর্ঘদিন ধরেই ভিসা মেয়াদোত্তীর্ণ প্রবাসীদের শাস্তি এড়িয়ে শান্তিপূর্ণভাবে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিয়ে আসছে। নতুন ঘোষণায় সেই নীতিরই ধারাবাহিকতা দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট প্রবাসীদের এই সুযোগ কাজে লাগানোর অনুরোধ জানানো হয়েছে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup