ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস -আইআরজিসির ১০ জন সদস্যকে গ্রেপ্তার করেছে কাতারের আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার ভোরের দিকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে কাতারের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, গ্রেপ্তার ১০ জনের বিরুদ্ধে কাতারের সরকার ও সামরিক অবকাঠামো সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য চুরি এবং তা পাচারের অভিযোগ আছে। এদের মধ্যে ৩ জনের সামরিক ড্রোন তৈরি ও নিক্ষেপ সংক্রান্ত প্রশিক্ষণ আছে।” কাতারের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে গুপ্তচর সন্দেহে তাদের আটক করা হয়েছিল। তারপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে আইআরজিসির চর হিসেবে কাতারে কাজ করছিলেন তারা।
এদিকে কাতার সরকার জানিয়েছে, দেশটিকে লক্ষ্য করে ইরান দুটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। এর মধ্যে একটি ধ্বংস করা হয়েছে। অন্যটি মার্কিন বাহিনীর আল উদেইদ বিমানঘাঁটিতে আঘাত হেনেছে, তবে হতাহতের খবর নেই। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘আমাদের সশস্ত্র বাহিনী রাষ্ট্র এবং এর অঞ্চল রক্ষা ও সংরক্ষণ করার এবং যেকোনো হুমকির বিরুদ্ধে দৃঢ়ভাবে মোকাবিলা করার সম্পূর্ণ ক্ষমতা রাখে।’













