মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়ছে প্রবাসী বাংলাদেশিদের ওপর। এর জেরে ওমানে বাংলাদেশি কর্মীদের ভিসা বাতিলের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তবে এসব সংকট সমাধানে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সরকারের জোর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেট সার্কিট হাউসে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা জানান। প্রবাসীদের নিরাপত্তা ও কল্যাণে সংশ্লিষ্ট দেশে থাকা বাংলাদেশি মিশনগুলো সার্বক্ষণিকভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সামগ্রিক সংঘাতের কারণেই মূলত ভিসা বাতিলসহ বিভিন্ন দেশে কর্মীরা এমন সমস্যার মুখোমুখি হচ্ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে।
ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তা প্রদানে সরকারের পদক্ষেপ তুলে ধরে আরিফুল হক চৌধুরী জানান, বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি মিশনগুলো প্রবাসীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি হাসপাতালগুলোতে নিয়মিত যোগাযোগ রাখছে। এ ছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং তাঁদের পরিবারের কাছে প্রয়োজনীয় সব ধরনের তথ্য পৌঁছে দেওয়ার কাজও গুরুত্বের সঙ্গে করা হচ্ছে।
আরও
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুমেরী জামান এবং পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস









